নিজস্ব প্রতিবেদক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর তথ্য প্রকাশ করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭৭৫ জন। সব মিলিয়ে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৮৭৩ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৩৩৮ জনের মৃত্যু হয়েছে।
এরপর রয়েছে সিলেট বিভাগে ১২২ জন, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৮৮ জন রোগী এসেছে। তাদের মধ্যে ৯৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১২ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯১, চট্টগ্রামে ২৬০, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩৮ এবং রংপুরে ১৩ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের শরীরে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

