আলোকিত প্রতিবেদক:
১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। নিরাপত্তার জন্য সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা করেন। মিছিলটি জিরো পয়েন্ট পার হওয়ার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ করার ফলে বিভিন্ন কাজে সেখানে প্রবেশ করতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। গেট বন্ধ থাকায় অনেককে বাইরে অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় কাজে প্রবেশের আশায় তারা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে ভিড় করতে থাকেন।
এর আগে জ্বালানি তেল এবং গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন /০৬ আগস্ট ২০২৬/মওম

