আজ , ।   

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, বহাল থাকছে লটারি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। আগের মতোই লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সীমিত পরিসরে নামেমাত্র পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আগের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য শ্রেণির ভর্তি পদ্ধতি নিয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর ঘোষণার পর অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। অনেকেই ছোট শিশুদের পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের ওপর নির্ভর করতে শুরু করেন।

পরবর্তীতে পরীক্ষাকে সহজ ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত রাখার কথা বলা হলেও অভিভাবকদের উদ্বেগ কমেনি। এ পরিস্থিতিতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বহাল রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোচিংনির্ভরতা কমানো এবং ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ২০১১ সালে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি চালু করা হয়। চলতি বছরের ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ২০২৭ সাল থেকে এই পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছিলেন।

সেদিনই জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি বাতিল করে নতুন ভর্তি পদ্ধতি চালু করা হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতিই বহাল থাকছে।

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান-২০২৪ অনুযায়ী, দেশে গত বছর প্রথম শ্রেণিতে ৩৫ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী ভর্তি হয়। এর মধ্যে ১৭ লাখ ৪৮ হাজার ছেলে এবং ১৭ লাখ ৯৯ হাজার মেয়ে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -