আজ , ।   

৭–১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফল প্রস্তুতের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে অন্যান্য বোর্ডের তুলনায় এ বোর্ডের পরীক্ষা শেষ করতে কিছুটা বেশি সময় লেগেছে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে। এতে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। এরপর দ্রুত ফল প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। তারা পরীক্ষা দিয়েছেন ১ হাজার ৬২৬টি কেন্দ্রে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

বোর্ডভিত্তিক হিসাবে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড থেকে। এ বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৩৯৩ জন। তারা ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেন।

এ ছাড়া— রাজশাহী শিক্ষা বোর্ড: ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। যশোর শিক্ষা বোর্ড: ১ লাখ ১৭ হাজার ২১০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ড: ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন । চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৯৯ হাজার ৬৮৮ জন। কুমিল্লা শিক্ষা বোর্ড: ৯৪ হাজার ৮০২ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৭৩ হাজার ৩৭ জন। সিলেট শিক্ষা বোর্ড: ৭১ হাজার ৭১১ জন। বরিশাল শিক্ষা বোর্ড: ৫৮ হাজার ৬৬৪ জন। ফল প্রস্তুতের কাজ শেষ হলে সম্ভাব্য সময় অনুযায়ী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -