নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের আরও সাতটি স্থানে প্রতিষ্ঠিতব্য প্রতিষ্ঠানগুলোর ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি।
সোমবার (৩ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে নতুন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ, সুশৃঙ্খল ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
আইএসপিআর জানায়, ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কোরআন ও সুন্নাহভিত্তিক ধর্মীয় ও নৈতিক শিক্ষাও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র, দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিবর্তিত চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতেই নতুন এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ চর্চার একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং এখানকার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব প্রদানে সক্ষম হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

