বিশেষ প্রতিনিধি: ৫ আগস্টকে কেন্দ্র করে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই বললেই চলে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ সময় দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সাবেক আইজিপি বেনজির ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুবাই সরকার বেনজিরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। কেন তাকে জামিন দিয়েছে তা জানতে বাংলাদেশি ল’ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তবে বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট আছে বলে ধারণা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

