আজ , ।   

বরিশালে বাড়ির পাশে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রহস্যজনক বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশে আগুনে দগ্ধ অবস্থায় তিনজনকে দেখতে পান। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহতদের স্বজন জামাল হাওলাদার জানান, বাড়ির পাশে রাখা একটি বালুভর্তি বস্তার মধ্যে থাকা বিস্ফোরক সদৃশ কোনো বস্তু হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর তার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন।

তিনি বলেন, বস্তুটি সেখানে কীভাবে এলো বা কে রেখে গেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

ঘটনার পর বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বিস্ফোরণের কারণ, ব্যবহৃত উপকরণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -