নিজস্ব প্রতিবেদক :
সদ্য বিদায়ী জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগস্টে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও তাপপ্রবাহ এবং দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির আগস্ট মাসের পূর্বাভাসে বলা হয়েছে, সার্বিকভাবে এ মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে। তবে উজান ও দেশের অভ্যন্তরে ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
জুলাই মাসে ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের সাতটি বিভাগেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে ৫৩ শতাংশ, চট্টগ্রামে ৫১ শতাংশ, সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ এবং ঢাকা বিভাগে প্রায় ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ৮ জুলাই চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
মাসজুড়ে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রভাব ফেলেছে।
আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। এছাড়া এ মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে সংস্থাটি।
আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে আরও কয়েকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার কিছু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। তবে আকস্মিক ভারী বর্ষণ ও লঘুচাপের গতিপথের ওপর দেশের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

