নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যেই ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে সংগঠনটি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর আবেদন জানিয়েছে।
এ লক্ষ্যে গত ১১ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে ওই তারিখ থেকেই নতুন মূল্য কার্যকরের অনুমতি চাওয়া হয়।
একই দিন বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তখন দাম বাড়ানোর অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি পরবর্তী বৈঠকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের যৌক্তিক মূল্য নির্ধারণে বিশ্লেষণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে নতুন করে দাম সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
এর আগে গত ২৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর অনুমতি দেয়। এর ফলে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে ৯৭৫ টাকায় উন্নীত হয়।
এ সময় খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়। তবে খোলা পাম তেলের দাম ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। নতুন প্রস্তাবে ব্যবসায়ীরা খোলা পাম তেলের দামও লিটারপ্রতি ১৭ টাকা বাড়ানোর আবেদন জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

