আজ , ।   

আইনের শাসন প্রতিষ্ঠায় জনবান্ধব পুলিশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের মধ্যে স্বস্তি ও শান্তি নিশ্চিত করা। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীত সরকারের সময়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের আস্থা অর্জন করে প্রকৃত অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে কাজ করবে।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পুলিশ কর্মকর্তাদের দেশ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে পুলিশ সদস্যদের দুর্নীতিমুক্ত থেকে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে মানুষ পুলিশের প্রতি আস্থা ফিরে পায় এবং তাদের প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করে।

অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন।

এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

 

- Advertisement -
- Advertisement -