বিশেষ প্রতিনিধি: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে জানিয়েছিলেন, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।
এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।
আলোকিত প্রতিদিন/এপি

