আজ , ।   

কক্সবাজারে পুলিশের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাস*হ সাবেক সেনা সদস্য গ্রে*ফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ২৮ হাজার ইয়াবাসহ বাংলাদেশ সেনাবাহিনীর এক সাবেক সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮ টা ৪০ টার দিকে ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওবায়দুল হাসান (৪১) বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া এলাকার মৃত দেলোয়ার রহমানের পুত্র । তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল। ২০১৯ সালে চাকরি থেকে অবসর নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নির্দেশনায় একটি ল্যান্ড ক্রুজারে করে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসানো হয়।

তিনি বলেন, রাত ৮ টা ৪০ টার দিকে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ লাখ টাকা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সেনাবাহিনীর স্টিকারযুক্ত একটি গাড়িতে ইয়াবা পাচারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -