উখিয়া প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে দুর্নীতিবাজদের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং একটি জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা-ভিত্তিক মাধ্যমিক পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও পান্না আক্তার বলেন, “নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে শেখায়। একজন প্রকৃত ভালো মানুষ কখনো দুর্নীতির সঙ্গে আপস করতে পারে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “দুর্নীতিকে শুধু আইন দিয়ে নয়, সামাজিক ও নৈতিক আন্দোলনের মাধ্যমেও প্রতিরোধ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে সততা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে পারলে ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত।”
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উখিয়া উপজেলা কমিটির সভাপতি ও উখিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস. এম. কামাল উদ্দিন, দুদক কক্সবাজারের সাবেক পিপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, ওবায়দুল হক এবং অ্যাডভোকেট ইমু বড়ুয়া।
প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— “আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে।”
প্রস্তাবের পক্ষে অংশ নেয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। দলের সদস্য ছিলেন মাশিয়াত মেহজাবিন রাওজা, জায়িদ আলদ্বিন আবিদ এবং দলনেতা মোহাম্মদ রাইয়ান আল জাওয়াদ। অপরদিকে প্রস্তাবের বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন তাবাচ্ছুম রাইসা, ফাবিহা লুবাবা অজ্জি এবং তাসকিরাতুল জান্নাতি তিলোত্তমা।
তরুণ বিতার্কিকদের তথ্যনির্ভর যুক্তি, বিশ্লেষণধর্মী উপস্থাপনা ও প্রাণবন্ত বক্তব্যে পুরো অডিটোরিয়ামে সৃষ্টি হয় বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার অনন্য পরিবেশ। বিচারকদের রায়ে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।
অসাধারণ বক্তব্য ও বিশ্লেষণধর্মী উপস্থাপনার জন্য উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ রাইয়ান আল জাওয়াদ সেরা বক্তা নির্বাচিত হন।
প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। বিচারক প্যানেলে ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল এবং বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।
আলোকিত প্রতিদিন/এপি

