শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণার কেন্দুয়া এবং মদনে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ জুন বৃহস্পতিবার সকালে কেন্দুয়া উপজেলার দিঘলী ও ডাউকি প্রামে এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে।
বজ্রপাতে নিহতরা হলেন, শামসুল হুদা (৫৫) কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে, আশরাফুল ইসলাম (৩০) ডাউকি গ্রামের বেদেনার ছেলে এবং রাজিব (২৪) মদন উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার মাও একই রোগে ভুগছেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন।
অপরদিকে ১৮ জুন বৃহস্পতিবার সকাল ৫টার দিকে জেলার মদন উপজেলায় কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের রাজিব (২৪) ভোর ৫ টার দিকে বাড়ির পাশে মাছের বাইর তুলতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতে নিহত ৩ জনের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৮জুন ২০২৬/মওম

