আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরের চাঞ্চল্যকর ধ*র্ষ*ণ মা*মলার প্রধান আ*সামি সাগরকে আ*টক করেছে র‍্যাব

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওর থানার আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সাগর (২৮)-কে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৩ জুন শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ ও র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ থানাধীন আনোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাগর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার দক্ষিণ নওপাড়া এলাকার মো. মমিনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাগর বিবাহসূত্রে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বাসুদেববাড়ী এলাকায় বসবাস করতেন। গত ৫ জুন রাতে দৌলতপুর উপজেলার চন্দ্রখোলা এলাকা থেকে পিতার সঙ্গে দেখা করে স্বামীর সঙ্গে ফেরার পথে ঘিওর থানার নিলুয়া মোড় সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় সাগরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ভুক্তভোগী নারী ও তার স্বামীকে আটক করে। একপর্যায়ে ভুক্তভোগীকে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অন্যরা তার স্বামীকে দূরে নিয়ে আটকে রাখে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী ও তার স্বামী আশ্রয় নেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
এবিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান হোসেন জানান, ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে দিনাজপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘিওর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/১৪জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -