বিশেষ প্রতিনিধি: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ।
আজ রবিবার (১৪ জুন) পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পুলিশ সদরদপ্তরের এক ঊধ্বর্তন কর্মকর্তা আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করা শর্তে তিনি আরও বলেন, দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তার প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার সূত্র ধরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে।
গ্রেপ্তারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

