নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট পেয়েছেন তিনি।
আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ পড়াবেন কে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইনি ব্যাখ্যা চাইলে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (মতামত) এ এ আউয়াল।
এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার বেলা ২টা থেকে জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের শেষ সময় ছিল বিকাল ৫টা। ভোট গণনায় সময় লাগে ২০ মিনিটের মতো। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। আর ৬ জন ভোট দেননি।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় সংসদ সদস্যরা করতালি ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সবার উদ্দেশে হাত নেড়ে ও সালাম দিয়ে জবাব দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নিজ আসন থেকে উঠে সামনে এগিয়ে আসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এগিয়ে আসেন। তারা দুজন কোলাকুলি করেন। পর্যায়ক্রমে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজনের সঙ্গে কোলাকুলি করেন মির্জা ফখরুল। একপর্যায়ে সংসদ কক্ষের মাঝখানে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে কোলাকুলি করতে দেখা যায়।
বৃহস্পতিবার রাতেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল নির্বাচিত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
আলোকিত প্রতিদিন/এপি

