রাজন হোসেন তৌফিক: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলার ঘটনা ঘটেছে। জায়গাসংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে এসে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। বিরোধের জেরে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান সাতজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।
অভিযোগ তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার ওই মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণেই দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জমসেদ, সাকের ও তারেক খান, জুনেল বাবুলসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসিম, বেলাল ও সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় সুজন খান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুজন আহত হন। তার মধ্যে সুজন খান গুরুতর। এই ঘটনায় আমরা থানায় মামলা করব।”
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক বলেন, “বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।”
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী ও সচেতন মহল। আদালত এলাকার নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

