আজ , ।   

কালের বিবর্তনে মীরসরাই থেকে হারিয়ে যাচ্ছে পঞ্চায়েত, আদালত ও কাছারি ঘর

আরো খবর

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার গ্রামগুলো থেকে হারিয়ে যাচ্ছে একসময়ের পরিচিত পঞ্চায়েত ঘর, সালিশি আদালত ও জমিদারি কাছারি ঘর। ঐতিহ্যের সাক্ষী এসব স্থাপনার বেশির ভাগই এখন জীর্ণদশায় পড়ে আছে, কিংবা ভেঙে সেখানে গড়ে উঠছে নতুন স্থাপনা। ফলে নতুন প্রজন্মের কাছে উপজেলার গ্রামীণ সামাজিক ও প্রশাসনিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় অজানাই থেকে যাচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অতীতে গ্রামীণ সমাজব্যবস্থায় জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসা, সামাজিক সালিশ, খাজনা আদায় এবং স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার অন্যতম কেন্দ্র ছিল পঞ্চায়েত ও কাছারি ঘর। টিনের চালা, মাটি বা ইটের ভিটি ও বেড়া কিংবা পুরোনো গাঁথুনির এসব ঘর একসময় গ্রামবাসীর মিলনমেলা ও ন্যায়বিচারের ভরসাস্থল হিসেবে ব্যবহৃত হতো।

কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক স্থানীয় সরকার ব্যবস্থা, প্রচলিত আদালত এবং ডিজিটাল সেবার প্রসার ঘটায় এসব পুরোনো স্থাপনার ব্যবহার ধীরে ধীরে কমে আসে। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বহু কাছারি ও পঞ্চায়েত ঘর পরিত্যক্ত হয়ে পড়েছে। কোথাও দেয়াল বা বেড়ায় ফাটল ধরেছে, ছাউনিতে মরিচা পড়েছে, আবার কোথাও আগাছায় ঢেকে গেছে চারপাশ। অনেক স্থানে জায়গা সংকট বা আধুনিক ভবন নির্মাণের প্রয়োজনে ঐতিহ্যবাহী এসব ঘর ভেঙে ফেলা হয়েছে।

প্রবীণ ব্যক্তি জাইগির হোসেন বলেন, আমাদের সময় কাছারি ঘরে বিয়ের আয়োজন, গ্রাম্য ব্যক্তিগত ও পারিবারিক বিরোধ মীমাংসা প্রভৃতি বিষয়ে বৈঠক বসত; এখন আর সেগুলো দেখা যায় না।

স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে, পঞ্চায়েত ও কাছারি ঘর শুধু ইট-কাঠ বা টিন-বেড়ার কাঠামো নয়; এগুলো গ্রামীণ সমাজের শৃঙ্খলা, পারস্পরিক আস্থা ও ঐতিহ্যের স্মারক। দ্রুত উদ্যোগ নিয়ে অন্তত কয়েকটি পুরোনো স্থাপনা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম এলাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব ধারণা পাবে।

সচেতন মহলের দাবি, উপজেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর তালিকা তৈরি করে সেগুলো সংরক্ষণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা জরুরি। নইলে কালের গর্ভে চিরতরে হারিয়ে যাবে মীরসরাইয়ের গ্রামীণ ইতিহাসের এই অনন্য নিদর্শনগুলো।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -