নিজস্ব প্রতিবেদক:
পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত ও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে পুলিশ কতটা নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করছে, তা তুলে ধরতেই এ আয়োজন। তাদের ভালো কাজের স্বীকৃতি দিলে তারা আরও উৎসাহিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, “আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।”
মন্ত্রী জানান, সম্প্রতি আলোচিত তিনটি ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যা মামলার তদন্তে অবদান রাখা কয়েকজন সদস্য, দৌলতদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের প্রাণরক্ষায় ভূমিকা রাখা তিন নৌ পুলিশ সদস্য এবং মুন্সিগঞ্জের গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তারে অবদান রাখা তিন পুলিশ সদস্য রয়েছেন।
সম্মাননাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা, সনদপত্র এবং নির্বাচিত কয়েকজনকে বিশেষ ব্যাজ প্রদান করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোকিত প্রতিদিন / এম আর এম

