শহিদুল্লাহ সরকার:
সাভারে চারটি অবৈধ টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ৮ জুন সোমবার দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় চারটি কারখানা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় পরিবেশ দূষণ করে অসাধু ব্যবসায়ীরা অবৈধ ভাবে বিভিন্ন গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। যার ফলে এলাকায় ফসলি জমির ফসল নষ্ট হওয়ায় পাশাপাশি জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের উদ্যোগে চারটি অবৈধ কারখানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০৮ জুন ২০২৬/মওম

