আজ বুধবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগে সরকারি চাকরিজীবীরা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেলেও নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ন্যূনতম বেতন বৃদ্ধি এবং নতুন বেতন কাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে কর্মচারী সংগঠনগুলোর অনেক নেতা এ প্রস্তাবের বিরোধিতা করে এককালীন পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সরকারি চাকরিজীবীদের মতে, দীর্ঘদিন পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ ইতিবাচক হলেও বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ধাপে ধাপে বেতন বৃদ্ধি প্রত্যাশিত স্বস্তি নাও দিতে পারে।

এদিকে আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্টদের মতে, বাস্তবায়নের আগে প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হলে সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

ফলে নতুন বেতন কাঠামো কবে, কীভাবে এবং কোন পরিসরে কার্যকর হবে—এ প্রশ্নে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বাড়ছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -