ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে শুধু ব্রাজিলেই নয়, গোটা ফুটবল বিশ্বে এখন আলোচনার খোরাক জুগিয়েছে বিষয়টি।
আগামীকাল সোমবার বিকেল ৫টায় রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। সেই অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন জানা গেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো।
সিবিএফ জানিয়েছে, অনুষ্ঠানটি দুই ভাগে আয়োজন করা হবে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও থাকবেন। এ ছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেবেন আনচেলত্তি।
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক ৩৪০ আসনের ওই অডিটোরিয়ামে থাকছে বিশেষ কিছু নিয়মও। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম বসাতে হবে। ফটোগ্রাফারের সংখ্যাও সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি টিভি চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে দল ঘোষণাকে ঘিরে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে নেইমারের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক। একদল এই ফরোয়ার্ডের বিশ্বকাপ দলে দেখতে চাইলেও, আরেকদল এর বিপক্ষে। আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে ইস্যুতে কোন পথে হাঁটেন সেটা জানা যাবে আগামীকাল।
আলোকিত প্রতিদিন/এপি

