নাজমুল হাসান:
হাসিনা আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে, আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন। আল্লাহ যা চান তাই হয়। গত এক যুগে অনেকে ভাবছিল আমি আর দেশে ফিরতে পারব না, নির্বাচন করতে পারব না। আমাকে যাতে নির্বাচন করতে না দেওয়া হয়, সেজন্য মামলাও দেওয়া হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র শেষ করে আল্লাহ আমাকে আপনাদের ভোটে এমপি ও তারেক রহমানের সরকারে মন্ত্রী বানিয়েছেন।
কুমিল্লার মুরাদনগরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।
৮ মে শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া এলাকায় মসজিদুল কুবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের বড় ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। এ অভিযান চলমান থাকবে। দল-মত নির্বিশেষে কোনো মাদক কারবারি বা চাঁদাবাজের রক্ষা নেই।
এর আগে একই দিন সকালে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বদ্ধপরিকর। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।
এ সময় ধর্মমন্ত্রী জানান, বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, এ সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। পরে বিকেলে উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের মাঝে ১৬৭টি কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বেড প্ল্যান্টার, ধান কর্তন যন্ত্র, ভূট্টা মাড়াই যন্ত্র, সেচ পাম্প ও ধান মাড়াই যন্ত্র।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোকিত প্রতিদিন /০৯ মে ২০২৬ /মওম

