নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে গভীর রাতে ডাকাতের কবলে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে কুমিল্লা থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ভুলতা গাউছিয়া সংলগ্ন পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে তিনি নিজের সুরক্ষার আকুতি জানান এবং মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
রফিকুল ইসলাম মাদানি জানান, মহাসড়কে বড় বড় পাথর ও ইট ফেলে তাদের গাড়ি থামানোর চেষ্টা করে একদল সশস্ত্র ডাকাত। রামদা হাতে নিয়ে ডাকাতরা গাড়ির দিকে তেড়ে এলে চালক বিচক্ষণতার সাথে ২০০-৩০০ গজ পেছনে গাড়ি ব্যাক করে রক্ষা পান। এতে অলৌকিকভাবে তারা বড় কোনো ক্ষতির হাত থেকে বেঁচে যান এবং কোনো মালামাল খোয়া যায়নি।
লাইভে এসে তিনি পুলিশি ভূমিকারও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ঘটনার দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও ডাকাতদের ধরার কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে তারা স্থান ত্যাগ করে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে রফিকুল ইসলাম মাদানি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “মহাসড়কে আলেম-ওলামাদের গাড়ি আটকে যদি এভাবে রামদা নিয়ে ডাকাতির চেষ্টা করা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, অবিলম্বে মহাসড়কের নিরাপত্তা জোরদার করুন এবং প্রয়োজনে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজান।”
তিনি আরও সতর্ক করে বলেন, দেশের আলেম-ওলামা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। এ ধরনের ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ করতে না পারলে তা প্রশাসনের চরম ব্যর্থতা হিসেবে গণ্য হবে।
আলোকিত প্রতিদিন/এপি

