মামুন আহমেদ জয় : ঢাকা জেলা প্রতিনিধি , ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর উভয় পক্ষই স্থানীয় তদন্ত কেন্দ্রে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে সকাল সাড়ে ১০টার দিকে বালিয়া এলাকার একটি বাড়ির সামনে ইটের সলিং রাস্তার নির্মাণকাজ চলাকালে বিরোধের সৃষ্টি হয়। রাস্তার কাজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষে রূপ নেয়।
প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। সংঘর্ষে মামুন ও তার বড় ভাই সাইফুলসহ অন্তত তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীরা তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই পৃথকভাবে অভিযোগ করেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

