আজ , ।   

অধিক মূল্যে ও নিয়মবহির্ভূত সার বিক্রির দায়ে দৌলতপুরে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের দৌলতপুরে নিয়ম বহির্ভূতভাবে অন্য জেলার ক্রেতার কাছে অধিক মূল্যে সার বিক্রির দায়ে হাবিবুর রহমান নামে এক সাব-ডিলারকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত ১১ বস্তা সার স্পটে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

​দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর বাজারের ‘মেসার্স দীপু ট্রেডার্স’-এর সাব-ডিলার। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

স্থানীয় ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা থেকে আসা এক ক্রেতা দৌলতপুর বাজারের সাব-ডিলার হাবিবুর রহমানের দোকান থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১১ বস্তা সার ক্রয় করেন। সার নিয়ে যাওয়ার পথে ‘সমেতপুর’ এলাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্ত সাব-ডিলার তার অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে নিয়ম বহির্ভূতভাবে অন্য জেলার লোকের নিকট সার বিক্রি এবং অধিক মূল্য নেওয়ার অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আটককৃত ১১ বস্তা সার তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের নিকট ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

​উল্লেখ্য, ঘটনার মাত্র একদিন আগেই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাপতিত্বে দৌলতপুরের সকল ডিলার ও সাব-ডিলারদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডিলারদের ইতঃপূর্বের নানা অনিয়ম ও অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যতে সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

​এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন -উপজেলা প্রশাসনের নির্দেশনার মাত্র একদিনের মাথায় এ ধরনের অপরাধ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে জানান, ভবিষ্যতে যেকোনো ডিলার বা সাব-ডিলার সার নিয়ে এ ধরনের অনিয়মে জড়ালে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন /১৬ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -