আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগ করবো না : কারচুপির অভিযোগে অনড় মমতা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমি পদত্যাগ করবো না।”

সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা অভিযোগ করেন, নির্বাচনে তার দলকে পরাজিত করা হয়নি, বরং “লুটপাটের মাধ্যমে ফল ছিনিয়ে নেওয়া হয়েছে”। তিনি দাবি করেন, অন্তত ১০০টি আসনে ভোট কারচুপি হয়েছে এবং এর পেছনে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশ রয়েছে।

নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত পাওয়ার পরও মমতা অনড় অবস্থানে থেকে বলেন, তিনি রাজভবনে যাবেন না এবং পদত্যাগপত্রও জমা দেবেন না। তার এই অবস্থানের কারণে রাজ্যে সাংবিধানিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিভিন্ন মহল মনে করছে।

মমতার অভিযোগ অনুযায়ী, নির্বাচনের সময় তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল। তিনি দাবি করেন, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয় এবং তাকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ আগামী ৭ মে শেষ হওয়ার কথা থাকায় নতুন সরকার গঠনের সময়সীমা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা থাকলেও নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে, বিকল্প রাজনৈতিক সমাধানও হতে পারে।

মমতার দাবির প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে “ভোট চোর” আখ্যা দেন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটি শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং ভারতের গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয়।

বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সংকট সমাধানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -