আজ , ।   

পেজেশকিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ ই*রানি কর্মকর্তাকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও তাঁর প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।

এএফপিকে তিনি বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে।

তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু অতিরিক্ত বিধিনিষেধ থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমিতসংখ্যক প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তাদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভ্রমণসংক্রান্ত কঠোর বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। তবে মার্কিন প্রশাসন তাঁকে ভিসা দেয়নি। জাতিসংঘ জানিয়েছে, আব্বাস তাঁর বক্তব্যের ভিডিও পাঠালে সেটি সাধারণ পরিষদের অধিবেশনে প্রচার করা হবে।

সূত্র: এএফপি

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -