আজ , ।   

শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রস্তুতি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। ঢাকা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকদের আশা, এতে কয়েক লাখ মানুষের সমাগম হবে।

সমাবেশের দিন ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যান চলাচল সীমিত রাখা হতে পারে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, তবে জরুরি সেবা—বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

অংশগ্রহণকারীদের সুবিধার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেট স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ বলেন, গত দুই সপ্তাহ ধরে সমাবেশ সফল করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন ইউনিটকে সক্রিয় করা হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের অধিকার, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ।

তিনি শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের আন্দোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও শিল্পখাতে সংকট শ্রমজীবী মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি কাঠামো হালনাগাদ না হওয়া, আউটসোর্সিং নির্ভর নিয়োগ বৃদ্ধি এবং শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো কারণে শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -