ক্রীড়া ডেস্ক:
দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তার পরও এই কিউইরা বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে হারিয়ে দিয়েছিল। পরে অবশ্য স্বাগতিক দল ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করেছে সিরিজ। টি-টোয়েন্টিতেও দলটা একই রকম খর্বশক্তির থাকলেও বাংলাদেশ দল ভীষণ সতর্ক। তবে ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
চট্টগ্রামে সোমবার দুপুর ২টায় প্রথম টি-টোয়েন্টির আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘নিউজিল্যান্ড বড় একটি নাম। বিশ্ব ক্রিকেটে তাদের রেকর্ড সব সময় ভালো। শেষ বিশ্বকাপেও টি-টোয়েন্টি সেমিফাইনালিস্ট ছিল। হয়তো তারা নতুনদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। কিন্তু যখন একটি দেশ বড় দল হিসেবে পরিচিত, তখন অবশ্যই তাদের সম্ভাবনা থাকে। আর এই ফরম্যাটে দুইজন ব্যাটার কিংবা বোলার ভালো খেললেই জেতা সম্ভব। তাই চেষ্টা থাকবে আমাদের ভালো ক্রিকেট খেলার।’
সিরিজে অভিজ্ঞ বোলার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথমবার সুযোগ পেয়েছেন আব্দুল গাফ্ফার সাকলাইন। রয়েছেন রিপন মণ্ডলও। এ প্রসঙ্গে লিটন বলেছেন, ‘মোস্তাফিজের শূন্যতা পূরণ করা কঠিন। তবে এটা মনে রাখতে হবে যেদিন মোস্তাফিজ খেলবে না, কোনও কারণে যদি চোটে পড়ে, তখন অন্য কাউকে খেলাতেই হবে। সেই চেষ্টা থেকেই দলটা এভাবে তৈরি করছি। তারা যত বেশি খেলার সুযোগ পাবে, তত উন্নতি করবে।’
প্রথম সুযোগ পাওয়া সাকলাইনকে নিয়ে তার মন্তব্য, ‘সাকলাইনকে একজন অলরাউন্ডার হিসেবেই দেখি। বিপিএলে সে রাজশাহীর হয়ে খুব ভালো খেলেছে। তাই চেষ্টা থাকবে এখানে তাকে গড়ে তোলার।’
আলোকিত প্রতিদিন /২৬ এপ্রিল ২০২৬ /মওম

