আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণে বাংলাদেশ সরকার ইতালির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

বৈঠকে নিরাপদ অভিবাসন, দ্বিপাক্ষিক শ্রমবাজার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করতে চায়। তিনি জানান, ইতালির সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে অগ্রাধিকার দিচ্ছে।

রাষ্ট্রদূত আরও জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এতে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা জোরদার হওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি প্রেরণসহ বিভিন্ন বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সর্বশেষ বৈঠক গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী বৈঠক ইতালিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং বাংলাদেশি স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -