আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগর চৌমুহনী–বাখরাবাদ সড়কে বেপরোয়া বাইক রেসিং, বাড়ছে দুর্ঘটনা*র শঙ্কা

আরো খবর

নাজমুল হাসান: কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী থেকে বাখরাবাদ সড়কটি বর্তমানে স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অর্ধকোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হলেও, মসৃণ এই সড়ক এখন বেপরোয়া মোটরসাইকেল চালকদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংস্কারের পর থেকেই একদল কিশোর প্রতিদিন মোটরসাইকেল নিয়ে সড়কজুড়ে উচ্চগতিতে শোডাউন করছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে দ্রুতগতিতে বাইক চালিয়ে সড়কটিকে কার্যত একটি অনানুষ্ঠানিক রেসিং ট্র্যাকে পরিণত করেছে। এতে করে পথচারী, শিক্ষার্থী এবং অন্যান্য যানবাহনের চালকরা চরম ঝুঁকির মধ্যে পড়ছেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এসব বেপরোয়া কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। কেউ প্রতিবাদ করলে সংশ্লিষ্ট কিশোররা উল্টো ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগ রয়েছে। ফলে অনেকেই নিরাপত্তার অভাবে সড়কটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তারা দ্রুত সড়কে পুলিশ টহল বৃদ্ধি এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার রাব্বি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -