আজ , ।   

দেবিদ্বারের বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি: এমপি হাসনাত আবদুল্লাহ

আরো খবর

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, সেবার মান, অবকাঠামো এবং সরকারি নীতিমালা অনুসরণ যাচাই করে অননুমোদিত ও নিয়মবহির্ভূত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (আবদুল্লাহ)।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর একটি ডিও (ডিমান্ড অব অফিসিয়াল) লেটার দিয়েছেন তিনি।ডিও লেটারে সংসদ সদস্য উল্লেখ করেন, দেবিদ্বার কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেবিদ্বার আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফলে উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও অনুমোদন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম এবং সরকারি নির্ধারিত নীতিমালা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাই করা জরুরি।

ডিও লেটারে দেবিদ্বার উপজেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ও নিবন্ধন, জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং সেবার মান যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া পরিদর্শন শেষে প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে কোন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, কোথায় কী ধরনের অনিয়ম রয়েছে এবং কোন প্রতিষ্ঠান অননুমোদিত বা গুরুতরভাবে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে—তার সুস্পষ্ট বিবরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা এবং আইন ও বিধি অনুযায়ী অননুমোদিত বা অবৈধ প্রতিষ্ঠান বন্ধসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ করেন সংসদ সদস্য।

চিঠিতে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় পরিদর্শন, মান যাচাই ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অনিয়ম ও অব্যবস্থাপনা অব্যাহত থাকলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

দেবিদ্বারকে নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় ও আশপাশের উপজেলার মানুষের জন্য উন্নত এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার আহ্বান জানান তিনি।

ডিও লেটারের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, কুমিল্লার সিভিল সার্জন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন /২৩আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -