আজ রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

আরো খবর

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে  সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং বর্তমানে ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। জেলায় মোট ৮ জন রোগীর শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, আগামীকাল থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। জেলার ৯টি উপজেলা, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় মোট ৫ লক্ষ ৫ হাজার ৩৫০ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়ে ১১ কর্মদিবস এবং পৌরসভাগুলোতে ১৪ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে।
টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সিভিল সার্জন হাম রোগের লক্ষণ, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে নির্ধারিত বয়সী সকল শিশুকে সময়মতো হাম-রুবেলা টিকা দেওয়া নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা টিকাদান কর্মসূচি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন, যার যথাযথ উত্তর দেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন /১৮ এপ্রিল ২০২৬ /মওম
- Advertisement -
- Advertisement -