মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ ই এপ্রিল রোজ বুধবার রাতে পৌর এলাকার একটি খুচরা জ্বালানি তেল বিক্রেতার গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অবৈধ মজুদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। অভিযানকালে একটি গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই সেখান থেকে সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করার নির্দেশ দেন। জব্দকৃত এই জ্বালানি তেল বিধি মোতাবেক সরকারি নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন,বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুদদারদের দমনে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন /১৭ এপ্রিল ২০২৬ /মওম

