আমিনুল ইসলাম (লিপু) সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতা মুলোক লিফট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সহ-সভাপতি জমিরুল হল, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোরসালিন রহমান, সদস্য প্রানতোষ দেবনাথ, আমিনুল ইসলাম লিপু, রানা, আরাফাত রহমান প্রমুখ।
লিফলেটের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ড্রাম, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন ব্যবহৃত কন্টেইনারে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই এসব স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে ঘুমানোর সময় মশারি ব্যবহার, বাইরে বের হলে শরীর ঢেকে রাখা পোশাক পরিধান এবং প্রয়োজন অনুযায়ী মশা নিরোধক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। প্রচারপত্রে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গের মধ্যে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র্যাশ, পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা এবং অতিরিক্ত দুর্বলতার কথা উল্লেখ করা হয়।ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ না খাওয়ার পরামর্শও দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/এপি

