প্রতিনিধি,ঘিওর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৫ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন ‘আল মুমিন ব্যাটারি কারখানায়’ এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, বাইরে থেকে তালাবদ্ধ রেখে কারখানার ভেতরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কাজ চলছে। অভিযানের সময় দেখা যায়, কারখানার ভেতরে কোনো প্রকার সুরক্ষা ছাড়াই বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে এবং গলিয়ে সীসা বার (Lead Bar) তৈরি করা হচ্ছে।
বিপজ্জনক পরিবেশ ও অব্যবস্থাপনা তদন্তে দেখা গেছে, ওই কারখানায় ভয়াবহ অনিয়ম বিদ্যমান ছিল। পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার ছাড়পত্র বা বৈধ নথিপত্র ছিল না। বিষাক্ত বর্জ্য ফেলার কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না, যা সরাসরি পরিবেশের ক্ষতি করছিল।
বায়ু দূষণ ও স্বাস্থ্যহানিকর বিষাক্ত উপাদানের উপস্থিতিতে ওই এলাকার পরিবেশ ও স্থানীয় জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে ছিল।
অভিযান পরিচালনা করেন- ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিতা তুল ইসলাম। এ বিষয়ে তিনি জানান,
”কারখানাটিতে পরিবেশ ও বায়ু দূষণকারী ভয়াবহ সব বিষাক্ত উপাদান পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কারখানায় থাকা সকল বিষাক্ত রাসায়নিক উপকরণ দ্রুত সরিয়ে ফেলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আলোকিত প্রতিদিন /০৫ এপ্রিল ২০২৬ /মওম

