আজ সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: মন্ত্রী রিতা

আরো খবর

প্রতিনিধি, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে এক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি দাবি করেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৪ এপ্রিল শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার হয়ে রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে ধলেশ্বরী নদীর ওপর ৩৩৬ দশমিক ৪০ মিটার দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এই সেতু নির্মাণ সম্পন্ন হলে মানিকগঞ্জের সাটুরিয়া ও দৌলতপুর উপজেলা এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার লাখো মানুষের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের ভোগান্তি কমবে, যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
তিনি আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অবকাঠামোগত উন্নয়নে সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ধলেশ্বরী নদীর ওপর এই সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার,গোলাম আবেদীন কায়সার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২৬ /মওম

- Advertisement -
- Advertisement -