মোঃ দেলোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের একুইছড়া গতকাল (০১/০২/২৬) দিবাগত গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপির কার্যালয়সহ চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়। এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়- গভীর রাতে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক দিয়ে আগুন লাগার ঘোষণা শুনে গ্রামবাসী ঘটনা স্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি । তবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের মাঝে ভিন্ন মত পাওয়া গেছে। কেউ বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, কেউ বলছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ জানান-“রাত ১১টায় নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন লাগার খবর পাই। এ আগুনে অফিসের আশে-পাশের দোকান গুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান- রাত ১টার দিকে বাজারে আগুনে ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রথমে আগুন দেখতে পান এবং পরে মাইক দিয়ে ঘেষনা দেওয়ার পর আমরা বাজারে আসি। ধারনা করছি বিএনপির অফিসের বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দা মো. মনির বলেন-“বাজারের পাশে আমার বাড়ি। আগুন লাগার পর যখন বাজারে আসি, তখন আবু হানিফ আমাকে বললেন- বিদ্যুৎ থেকে আগুন লেগেছে।”
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান-“একুইছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
আলোকিত প্রতিদিন/ ০২ফেব্রুয়ারি ২০২৬/মওম

