মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি। ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের সব মালামাল পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ‘মেসার্স আফিফা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’ নামের দোকানটিতে এ দুর্ঘটনা ঘটে। দোকানটির মালিক আবু সাঈদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান ব্যবসায়ী আবু সাঈদ। কিছুক্ষণ পর পথচারীরা দোকানের নিচ দিয়ে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা শাটার ভেঙে ভেতরে প্রবেশ করলে আগুনের ভয়াবহতা চোখে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন বালু ও পানি ব্যবহার করে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দোকানের ভেতরে থাকা ইলেকট্রনিকস পণ্য, নগদ টাকা, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানটি পুরোপুরি ভস্মীভূত অবস্থায় পড়ে আছে। পুড়ে যাওয়া তার, যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জামের ধোঁয়া তখনও বের হচ্ছিল। ব্যবসায়ী আবু সাঈদের বাবা সোনা মিয়া বলেন, “রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। কিছুক্ষণ পর আগুনের খবর পাই। এসে দেখি লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।” স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
আলোকিত প্রতিদিন/এপি

