আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত ১ বাংলাদেশি ,৬০ জনকে অপহরণ

আরো খবর

প্রতিনিধি,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্তে সে দেশের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। মিয়ানমার নৌবাহিনী ৬০ জনসহ ৫টি মাছ ধরার ট্রলার আটকে রেখেছে বলে জানিয়েছেন জেলেরা।

নিহত জেলে ওসমান (৫০) টেকনাফে শাহপরীর দ্বীপের কোনাপাড়ার বাছা মিয়ার ছেলে। তিনি পুরনো রোহিঙ্গা বলে জানা গেছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার  দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার এলাকা থেকে ৬টি ট্রলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। এ সময় মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করে। এতে একজন মারা যায়। এ ছাড়া আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর আড়াইটায় সেন্টমার্টিন দ্বীপ এবং মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার ট্রলারে নৌবাহিনী গুলি করে। এতে ১ জন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া জেলেসহ ৫টি ট্রলার আটকে রেখেছে মিয়ানমার নৌবাহিনী।

৯ অক্টোবর বুধবার বিকালে সেন্টমার্টিনের অদূরে ৩০ কিলোমিটার বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ৬টি বোটে এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা জেলেরা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।  ট্রলারের মালিক সাইফুল জানান, সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করেন। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান।

এ ব্যাপারে বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্তে সে দেশের নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং আরও দুজন আহতের খবর পেয়েছি। এ ঘটনায় বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আলোকিত প্রতিদিন/১০ অক্টোবর -২৪/মওম

- Advertisement -
- Advertisement -