আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

থমকে গেছে চিফ হিট অফিসারের সব কাজ

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চিফ হিট অফিসারের দায়িত্ব পালন করছেন সদ্য বিদায়ী মেয়র মো. আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। গত বছরের মে মাসে মেয়রকন্যাকে হিট অফিসার নিয়োগের খবর জানাজানি হলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হয় তখন।

ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) এবং তিনি ফাউন্ডেশনের হয়েই কাজ করছেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি মেয়রকন্যা বুশরাকে। চিফ হিট অফিসার হিসেবে তার কর্মকাণ্ডও থমকে গেছে। যোগাযোগ করা হলে বুশরা আফরিনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি দেশেই রয়েছেন। শিগগিরই নিজের কাজ শুরু করতে চান তিনি।

সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করেছে ডিএনসিসি। সংস্থাটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশে উল্লেখ করেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সব উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো।

২০২৩ সালের ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আরশট-রকের সহযোগিতায় ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ডিএনসিসি যৌথভাবে কার্যক্রম পরিচালনার সমঝোতা স্মারক অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই মেয়ের এই পদে কাজ করার বিষয়টি জানান। বিশ্বের দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে তাপপ্রবাহ নিয়ে কাজ করার জন্য আরশট-রকের গ্লোবাল চ্যাম্পিয়নদের সঙ্গে সিএইচও হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তর সিটিকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দিচ্ছেন। তাপমাত্রা কমাতে কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণে কাজ করার কথা তার।

 

এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএনসিসির তৎকালীন সিইও সেলিম রেজা রেজা বলেন, স্থানীয় কর্মকর্তা বলতে আরশট-রকফেলার ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তাদের বোঝানো হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তা না। আমি তো সিইও। আমরা নিয়োগ দেইনি। আমাদের অর্গানোগ্রামেই এমন কোনো পদ নেই। আমরা কীভাবে নিয়োগ দেব? কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করা বুশরা বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করছেন। গত বছরের ৮ মে তার বাবা আতিকুল ইসলাম বলেন, এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব যে আমাদের একজনকে এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে বেছে নেওয়া হয়েছে। তার সঙ্গে আমাদের সিটি করপোরেশনের কোনও সম্পর্ক নেই ডিএনসিসিতে এরকম চিফ হিট অফিসারের কোনও পোস্ট নেই। তার বেতন-ভাতা সিটি করপোরেশন দেবে না। তার জন্য সিটি করপোরেশনে অফিসও নেই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বুশরা আফরিনের পক্ষ থেকে জানানো হয়, যে জরিপকাজ চলছি তা আগস্টে শেষ হওয়া কথা ছিল। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তা ঝুঁকিতে জরিপকাজ বন্ধ রয়েছে। শিগগিরই কাজটি শুরু করতে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ক্ষমতার পালাবদলে ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে পদ থেকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -