আজ , ।   

শিবালয়ে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণ অবস্থান

আরো খবর

সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ:

ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া চলাচল ও ধারাবাহিক বিশৃঙ্খলার অভিযোগ তুলে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়কে নিরাপদ যাতায়াতের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে গণ অবস্থান এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
​আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এতে স্থানীয় বাসিন্দা, নিয়মিত যাত্রী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
​গণ অবস্থান কর্মসূচিতে বক্তারা সেলফি পরিবহনের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁদের উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, চালকদের নিয়মিত মাদক পরীক্ষা (ডোপ টেস্ট), যানবাহনের ফিটনেস যাচাই নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা।
​কর্মসূচিতে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খন্দকার তুহিন হোসেন বলেন, “সড়কে মানুষের জীবন রক্ষা করা প্রশাসনের প্রধান দায়িত্ব। দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যাতায়াত করেন। সেলফি পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।”

​মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মো. পীযূষ ফাইটার বলেন, “একটি সড়ক দুর্ঘটনা কেবল একটি প্রাণ কেড়ে নেয় না, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। সেলফি পরিবহনের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই আমরা মাঠে নেমেছি। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।”
​গণ অবস্থানকালে ‘সড়ক দুর্ঘটনা মুক্ত চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘ঝুঁকিপূর্ণ সেলফি পরিবহন বয়কট করুন’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরে একটি প্রতিবাদ মিছিল বরংগাইল বাসস্ট্যান্ড ও এর আশপাশের মহাসড়ক প্রদক্ষিণ করে।
​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মির্জা আব্বাস, মো. আলমাস মিয়া, সাবেক সহসভাপতি মো. চঞ্চল মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব মিয়া, মো. রুবেল মিয়া, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোকিত প্রতিদিন /১৪ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -