আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইলে বাসের ধাক্কায় সিএনজির ৬ যাত্রী আহত

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহমুদা বেগম নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের  কুট্টাপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসের সন্নিকটে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ। আহত  মাহমুদা বেগম বিজয়নগর উপজেলার চান্দুরা মিরপুর গ্রামের লাল মিয়া স্ত্রী। অন্যরা হলেন- জজ মিয়া, আরজুদা বানু, রহিজ মিয়া, আসেদা বেগম ও সামিউল হক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দূরপাল্লার সাগরিকা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা দূরপাল্লার বাসটিকে অতিক্রম করতে ডান পাশের লেনে চলে আসে। এতে ডান দিকে থাকা বিশ্বরোডমুখী সিএনজি চালিত অটোরিকশা সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির চালকসহ ৬ জন আহত হয় এর মধ্যে একজন নারী যাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অটোরিকশাটি সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে  আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে সরইল উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোমান মিয়া বলেন, আহত অবস্থায় ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে এক নারী পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার সান্যাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন /৩১ জুলাই-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -