মোহাম্মদ এরশাদ আলী
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে ৯বছরের প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোঃ রুবেল নামের এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে রাঙামাটি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।বুধবার ৫ জুলাই ২০২৩ দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা দেন। এসময়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি, আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোঃ আবছার আলীসহ অন্যান্য আইনজীবিগণ উপস্থিত ছিলেন।এ সমযে বিচারক রায় ঘোষণা করার আগে মামলার বিস্তারিত সারসংক্ষেপ তুলে ধরে বলেন, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য ও ফরেনসিক সাক্ষ্য দ্বারা গত ২৭ আগস্ট ২০১৬ খ্রিঃ তারিখ সকাল অনুমানিক ১১ ঘটিকার সময় লংগদু থানাধীন ৪নং বগাচতর ইউনিয়নের গাউছপুর ফরেষ্ট টিলা আগর বাগান সংলগ্ন জংগলে আসামী মোঃ রুবেল কর্তৃক ৯ বছর বয়সী শিশু ভিকটিমকে ধর্ষণ করে যৌনাঙ্গ রক্তাক্ত জখম করার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।আদালত তার পর্যবেক্ষণে বলেন, ধর্ষকের সাথে ধর্ষণের শিকার ভিকটিমের বিবাহের সুযোগ প্রদান করা হলে সমাজে অপরাধীরা অর্থ ও প্রভাবের বিনিময়ে অপরাধ করে পার পেয়ে যাবেন বিধায় আসামীর উক্ত যুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।এরপর বিচারক তার রায় পড়ে শুনান।রায়ে আসামী মোঃ রুবেল (৩২) কে নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত অপরাধের দায়ে আসামীকে যাবজ্জীন সশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা অর্থদন্ড জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে বলেন, আসামীকে রায় ঘোষণার ৯০দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধি মোতাবেক জমাদানের নির্দেশ প্রদান করেন। উক্ত জরিমানার অর্থ মামলার শিশু ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন বল জানান। এই রায় ঘোষণার পরপরই আসামীর স্ত্রীসহ স্বজনদের কান্নায় আদালত প্রাঙ্গণ ভারী হয়ে উঠে । আসামীর স্ত্রী নাজমা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ এবং ষড়যন্ত্র মূলক তাকে ফাঁসানো হয়েছে।অন্যদিকে আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোঃ আবছার আলী জানান, আমরা আদালতের এই রায়ে ক্ষুব্ধ, তিনি বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষনের ব্যাপারটি স্পষ্ট নয়, তারপরও আমরা বাদী-বিবাদী আদালতে আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত আজ আমাদের সেই আবেদনটি অস্বীকার করেছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
আলোকিত প্রতিদিন/এপি

