অনলাইন ডেস্ক:
চরম গরমে জনজীবন দুর্বিষহ। এর মধ্যে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহের বেশি গরম অব্যাহত থাকবে। গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপদাহ রেকর্ড হয়েছ। আপাতত মুক্তি নেই তীব্র গরম থেকে। বর্ষাবাহী মৌসুমি বায়ু এখনো প্রবেশ করেনি দেশে। মৌসুমী বায়ু প্রবেশের পর ক্রমশ তাপদাহ কমবে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার (৫ জুন) কিছুটা কমলেও ঢাকার তাপমাত্রা বেড়েছে। আপাতত দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বোধ হচ্ছে। সামান্য পরিশ্রমেই ঘাম হচ্ছে, ঘাম হলেও তা শুকাচ্ছে না। তাপপ্রবাহের সঙ্গে এ অস্বস্তিবোধও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ জুন) সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আলোকিত প্রতিদিন/ ৬ জুন ২৩/এসবি

