মো: মহিদ
মানিকগঞ্জের ঘিওরে হযরত আলী হত্যা মামলায় ইফতে আরিফ ও মন্টু সূত্রধর নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালতে বিচারক। মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইফতে আরিফের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এবং মন্টু সূত্রধরের বাড়ি শিবালয়ের অন্যায়পুর এলাকায়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মথুরনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এজহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ২০১২ সালের ৬ জুলাই দুপুরে হয়রত আলীকে আসামি ইফতে আরিফ, মন্টু সূত্রধর ও বাসুদেব শর্মা ছোড়া দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হযরত আলী। পরে এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন ঘিওর থানায় ওই তিনজনের নামে হত্যা মামলা করেন। তৎকালীন ঘিওর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সাত্তার ২০১৪ সালের ১২ আগষ্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এবং বিচারিক আদালতের ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলা চলাকালীন সময়ে মামলার আসামি বাসুদেব শর্মা মারা যাওয়া, তাকে মামলা থেকে বাদ দেয়া হয়।মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ২২ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

