আজ , ।   

ছেলেরা যা পারে না, মেয়েরা তার থেকে বেশি পারে: প্রধানমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

‘ছেলেরা যা পারে না, মেয়েরা তার থেকে বেশি পারে। এটা শুনলে আবার ছেলেরা রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতাটা একটু বেশি। তাও বলবো আমাদের মেয়েরা যথেষ্ট ভালো করছে।’ ৯ নভেম্বর বুধবার সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ ১৯ বছর পর ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ মুকুট বাংলাদেশে আসে ফুটবলের বীরকন্যা সাবিনা, সানজিদা, তহুরা, কৃষ্ণা এবং আঁখিদের হাত ধরে। গত ১৯ সেপ্টেম্বর নেপালকে হারিয়ে শিরোপা অর্জন করায় ছাদখোলা বাসে তাদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ। রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী। আজ সাফজয়ী ২২ খেলোয়াড়কে সংবর্ধনা দেন তিনি।

এ সময় সাফজয়ী ২৩ জন ফুটবলার এবং ১১ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে সম্মানা চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা এবং প্রশিক্ষক ও কর্মকর্তাকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

তিনি বলেন, ‘আমার ভাই শেখ কামাল ফুটবল, হকি, ক্রিকেট, বাস্কেটবল, বেসবলসহ সব খেলায় সে পারদর্শী ছিল। খেলাধুলার পাশাপাশি সংস্কৃতিচর্চা, নাটক করা, সেতার বাজানোসহ সব করতো। শেখ জামালও ফুটবল, হকি, ক্রিকেট খেলতো। আমাদের বাসায়ও বাস্কেটবলের কোর্ট ছিল। আমাদের বাসাটাই ছিল স্পোর্টসের আলাদা একটা জগৎ। সুলতানা কামাল তো ইউনিভার্সিটি ব্লুজ ছিল। পাকিস্তান আমলে সে ইউনিভার্সিটি ব্লু হয়েছিল। আমি মনে করি খেলাধুলা আমাদের অপরিহার্য। আমার বাবা ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে খেলতেন। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পরিবারের সবাই সব সময় খেলাধুলায় সম্পৃক্ত ছিলেন। আমার দাদা, তিনিও ফুটবল খেলতেন। দাদার ছোট ভাই শেখ হাবিবুর রহমান, তিনিও ফুটবল খেলতেন। আমার বাবা ফুটবল খেলতেন। গোপালগঞ্জে অফিসার্সদের খেলার যে কমিটি ছিল, আমার দাদা সেখানে খেলতেন। আর ছাত্রদের যেটা, সেখানে আমার বাবা ছিলেন। তিনি তখন মিশন স্কুলের ছাত্র ছিলেন। মিশন স্কুলেন ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ।’
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সাফ মহিলা ফুটবলে নেপালকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালের বিপক্ষে ২৩ গোল করে। ফাইনালে একটি মাত্র গোল হজম করে নেপালের বিপক্ষে। সাফজয়ী তারকারা দেশে ফিরলে দেশের মানুষ তাদের উষ্ণ সংবর্ধনা দেয়।

আলোকিত প্রতিদিন/ ৯ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -