মাসফি আকন্দ :
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন- “আওয়ামীলীগ মনে করে জাতীয় পার্টি তাদের ক্রীতদাস। আমরা আর কারো নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চাইনা। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিবে।”
শনিবার দুপুরে জামালপুর শহরের মির্জা আজম অডিটরিয়ামে জেলা পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন-“সরকার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে। প্রতিদিন লুটপাট হচ্ছে দেশের টাকা। বিদ্যুতের অভাবে দেশের কলকারখানা বন্ধ হতে চলেছে। অসংখ্য শ্রমিক কর্মচারি চাকুরি হারাচ্ছে। দিন দিন মানুষ গরিব হচ্ছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। আর এ পরিবর্তন আসবে জাতীয় পার্টি থেকেই।”
সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু। সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
নেতারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জালানি তেলের মূল্য বৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং বিদেশে অর্থ পাচার এবং বিএনপির সমাবেশে বাধাসহ সরকারের বিভিন্ন কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেন।
আলোকিত প্রতিদিন/ ২৯ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -

